স্টাফ রিপোর্টার এইচ এম তানভীর আহমেদ  কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে। এই ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের লাখপুর ও সমিতি বাজার, চাতল বাজার, পুলেরঘাট বাজার এবং শিমুলতলা বাজারে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন এবং পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ–তাড়াইলের গণমানুষের আস্থাভাজন জননেতা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। প্রদান করেন এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা তাঁর বক্তব্যে এলাকার দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন ঘাটতি ও রাজনৈতিক বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষ বারবার আশ্বাস পেলেও বাস্তব উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাঁর মতে, এই অঞ্চলের মানুষের প্রধান চাওয়া হলো সৎ নেতৃত্ব, জবাবদিহিমূলক রাজনীতি এবং জনগণের কাছে দায়বদ্ধ একজন সংসদ সদস্য। তিনি ডক্টর এম ওসমান ফারুককে একজন অভিজ্ঞ, শিক্ষানুরাগী ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর সময়কার সাফল্যই প্রমাণ করে তিনি এই এলাকার শিক্ষা, অবকাঠামো ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। জাহাঙ্গীর আলম মোল্লা আরও বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়—এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রতীক। বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনই বিএনপির মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ–৩ আসনের জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।