চিফ রিপোর্টার আজিজুল হক  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার পর রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। হাতপাখা প্রতীকের এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমর্থকরা জানান, হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁর প্রার্থিতা বৈধ হওয়ায় তারা নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনটি তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং আসন্ন নির্বাচনে এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।