কুড়িগ্রাম ছাড়া আর কিছুই বলতে পারেন না বৃদ্ধ: নাতনিদের নিয়ে জামালপুরে মানবিক সহায়তার অপেক্ষা

স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম বিশেষ সংবাদ
একটি মানবিক উদ্বেগের ঘটনা সামনে এসেছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। ছবিতে থাকা ওই বৃদ্ধ ব্যক্তি বারবার শুধু একটি কথাই বলতে পারছেন—“বাড়ি কুড়িগ্রাম”। এর বাইরে নিজের পরিচয়, ঠিকানা বা স্বজনদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না তিনি।
বৃদ্ধের সঙ্গে থাকা দুই কিশোরী সম্পর্কে তাঁর নাতনি বলে জানা গেছে। বর্তমানে তাঁরা জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন জোনাইল বাজারে শফিকুলের হোটেলে আশ্রয় নিয়েছেন। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা, চোখে-মুখে শুধুই বাড়ি ফেরার আকুতি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃদ্ধ বয়সের কারণে তিনি স্মৃতিভ্রংশে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাতনিরাও তাদের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা জানাতে পারছে না—শুধু কুড়িগ্রাম জেলার নামই বলতে পারছে।
এই মানবিক পরিস্থিতিতে এলাকাবাসী ও সচেতন মহল কুড়িগ্রামের মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন—যদি কেউ ছবিতে থাকা বৃদ্ধ ও তার নাতনিদের চিনে থাকেন, অথবা তাদের পরিবারের কোনো খোঁজ জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য এগিয়ে আসুন।
মানুষগুলো যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারেন—এই প্রত্যাশায় সংশ্লিষ্ট সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
মানবতার টানে একটু উদ্যোগই পারে একটি পরিবারকে তাদের হারানো মানুষগুলো ফিরিয়ে দিতে।
।



