কুমারখালীতে বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধ করে দিল প্রশাসন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বিশাল মোটরসাইকেল বহর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (২৮জানুয়ারি) দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। পরে সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে তারা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা উল্লেখ করে দ্রুত মোটরসাইকেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে জরিমানার হুঁশিয়ারি দেন। এতে মোটরসাইকেল বহর ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে নেতাকর্মীরা ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও প্রশাসনের হস্তক্ষেপে তারা সরে যেতে বাধ্য হন।
এদিকে ওই এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ করতে দেখা যায়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।



