তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কৃষক পর্যায়ে একযোগে কৃষি প্রযুক্তি ও সম্প্রসারণ সেবা পৌঁছে দিতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মহাসীন আলী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং প্রকল্প বাস্তবায়ন সহযোগী জাহিদ হাসান। উদ্বোধনের আগে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রযুক্তি সম্পর্কে অবহিত হন। মেলায় আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে সবজি, ফল, মসলা ও ওষুধি ফসল উৎপাদনের কৌশল, উত্তম কৃষি চর্চা, ডিজিটাল কৃষি সেবা, কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি উদ্যোক্তা কার্যক্রম, কৃষিপণ্য বাজারজাতকরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রদর্শনী রয়েছে। এছাড়া ব্যয় সাশ্রয়ী উৎপাদন কৌশল, সঠিক সার ও পানি ব্যবস্থাপনা এবং কৃষিকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক ও নিরাপদ কৃষি উৎপাদন পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছেন, যা ভবিষ্যতে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনদিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলা চলবে বুধবার পর্যন্ত।