কুষ্টিয়ায় নির্বাচনী উত্তাপ: যাচাই-বাছাইয়ে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার চারটি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বিধি লঙ্ঘন ও ত্রুটির কারণে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নুরুজ্জামান হাবলু মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সর্বাধিক তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন—
স্বতন্ত্র প্রার্থী ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি
এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খাইরুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তারা জানান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন। বিধি অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি গ্রহণ না করায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শেখ সাদি ও নুরুল ইসলাম আনসার প্রামাণিকের মনোনয়নপত্রে তথ্যগত ও কাগজপত্রের ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, কুষ্টিয়ার চারটি আসনে বড় রাজনৈতিক দলের মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নুরুজ্জামান হাবলু মোল্লা ও নুরুল ইসলাম আনসার প্রামাণিক নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল ও আপিল করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এখন আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থী তালিকা জানা যাবে ।



