কুষ্টিয়ায় পরিবেশ আইন লঙ্ঘনে ভ্রাম্যমাণ আদালত: ৪ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস

তানভীর আজাদ জেলা প্রতিনিধি কুষ্টিয়া:
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন কুষ্টিয়া। গত মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন সুলতানা-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে মোট ০৩টি মামলা দায়ের করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে আরও ০১টি মামলা দায়ের করে ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ০১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে বিনষ্ট করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগের দক্ষ ও চৌকস সদস্যরা।
কর্তৃপক্ষ জানায়, অভিযানে আদায়কৃত জরিমানার অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। নিয়মিত মনিটরিং ও জনস্বার্থে পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।



