কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় পোস্টাল ব্যালট ভোটারে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৬ হাজার ২৪১ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এ তালিকায় কুষ্টিয়া জেলা কারাগারের ৬০ জন বন্দীও রয়েছেন, যা জেলার ভোট ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধিতদের মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন ৫ হাজার ৬৯৬ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৪১৫ জন এবং নারী ২৮১ জন। অন্যদিকে কারাবন্দী, চাকরিজীবী ও অন্যান্য শ্রেণির ভোটার মিলিয়ে রয়েছেন ১০ হাজার ৫৪৫ জন—যার মধ্যে পুরুষ ৮ হাজার ২২৬ জন এবং নারী ২ হাজার ৩১৯ জন। আসনভিত্তিক পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা কুষ্টিয়া-১ (দৌলতপুর) প্রবাসী: ১,১৫১ জন (পুরুষ ১,১২৩; নারী ২৮) অন্যান্য: ২,৪৪৪ জন (পুরুষ ২,১১১; নারী ৩৩৩) কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) প্রবাসী: ২,১০৯ জন (পুরুষ ২,০৪৭; নারী ৬২) অন্যান্য: ২,৫৩৪ জন (পুরুষ ১,৯৪২; নারী ৫৯২) কুষ্টিয়া-৩ (সদর) প্রবাসী: ১,৩৯১ জন (পুরুষ ১,২৩৯; নারী ১৫২) অন্যান্য: ২,২৬১ জন (পুরুষ ১,৭২১; নারী ৫৪০) কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) প্রবাসী: ১,০৪৫ জন (পুরুষ ১,০০৬; নারী ৩৯) অন্যান্য: ৩,৩০৬ জন (পুরুষ ২,৪৫২; নারী ৮৫৪) জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “পোস্টাল ব্যালটে ভোটারদের এই আগ্রহ প্রবাসী নাগরিক ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে আশা করছি।” নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, পোস্টাল ব্যালট ব্যবস্থায় সময় ও যাতায়াতের ঝামেলা কম থাকায় প্রবাসী ভোটারসহ কর্মব্যস্ত ভোটারদের অংশগ্রহণ বাড়ছে। ফলে কুষ্টিয়ায় এবার পোস্টাল ভোটার সংখ্যা একটি নতুন রেকর্ডে পৌঁছেছে। এ বিষয়ে নির্বাচন অফিস থেকে আরও বলা হয়েছে, নিবন্ধিত ভোটারদের তথ্য যাচাই ও ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।