কুষ্টিয়ায় বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি,
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মামুন হোসেন (৩৭) নামের বিএনপির এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মামুন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। তিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বোন সুমি খাতুন জানান, রাতের খাবার শেষে মামুন বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় যান। এ সময় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। মামুনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, মামুন কুষ্টিয়া-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গ্রুপের একজন কর্মী ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামুনের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্বজনরা।



