কুষ্টিয়ার চার আসনে সর্বোচ্চ প্রস্তুতি, আইনশৃঙ্খলায় ২ হাজার পুলিশসহ যৌথ বাহিনীর মোতায়েন

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবির সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেনের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। পরে তারা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠে নামার প্রস্তুতি নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার চারটি আসনে ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৩১ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৮ লাখ ৭১ হাজার ৬৪০ জন। এছাড়া চারটি আসনে ১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
জেলায় মোট ভোটকেন্দ্র ৫৯৯টি। এর মধ্যে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি চারটি আসনে ১০টি কেন্দ্র পোস্টাল ভোটের জন্য নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোতায়েন থাকছে ৮ প্লাটুন বিজিবি। সেনাবাহিনীর ৬টি ক্যাম্পের আওতায় চারটি আসনে ১৮টি টিম কাজ করবে। র্যাবের থাকবে ৮টি স্ট্রাইকিং ফোর্স। পুলিশের প্রায় ৬০টি মোবাইল টিম মাঠে থাকবে, প্রতিটি টিমে থাকবেন ৭ জন সদস্য। সব মিলিয়ে প্রায় ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রতিটি ভোটকেন্দ্রে ২ জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসারসহ মোট ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া আনসার ও ভিডিপি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
আজ থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, প্যাডসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে অবস্থান নেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনেই প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।



