কুষ্টিয়ার চার আসনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দৌলতপুরে কেউ নয়

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, কুষ্টিয়া জেলায় বৈধ ঘোষিত ৩০ জন প্রার্থীর মধ্য থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে পাঁচজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন—
কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনে খেলাফত মজলিসের মো. আব্দুল হামিদ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ আরিফুজ্জামান।
কুষ্টিয়া-০৩ (সদর) আসনে খেলাফত মজলিশের মো. সিরাজুল হক।
কুষ্টিয়া-০৪ (খোকসা-কুমারখালী) আসনে এবি পার্টির মো. আবু বক্কর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী শেখ সাদী।
তবে কুষ্টিয়া-০১ (দৌলতপুর) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এদিকে জেলার চারটি আসনের মধ্যে দুইটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দুইটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাহারের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আসন সমঝোতা না হওয়ায় কোনো দলই তাদের প্রার্থী প্রত্যাহার করেনি।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কুষ্টিয়ায় প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট রূপ নিতে শুরু করেছে।



