কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু।

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতর থেকেই বিদ্যুৎ আলী নামের ওই হাজতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি চাঁদ্দু আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে আসেন। শনিবার ভোরে কারাগারের বাথরুমে জানালার গ্রিলের সঙ্গে নিজের গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলার জেল সুপার শরিফুল আলম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।



