কুষ্টিয়া-১ আসনে বিএনপির শক্ত অবস্থান, অভিজ্ঞতা ও জনপ্রিয়তায় এগিয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লা

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য ও তৃণমূলের সমর্থনের কারণে এই আসনে এখনো বিএনপির সবচেয়ে ভরসার নাম বাচ্চু মোল্লা।
স্বাধীনতার পর থেকে কুষ্টিয়া-১ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত। ২০০৮ সালের নির্বাচন ছাড়া অনুষ্ঠিত প্রায় সব সুষ্ঠু নির্বাচনেই এখানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আহসানুল হক মোল্লা। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁরই উত্তরসূরি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সেই ধারাবাহিকতার কারণে আজও এই আসনে বিএনপির নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হন তিনি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচনেও বিএনপি কেন্দ্রীয়ভাবে রেজা আহমেদ বাচ্চু মোল্লার ওপর আস্থা রেখেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয়দের অভিমত। দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাঁর পক্ষে গণসংযোগ ও জনসমর্থন চোখে পড়ার মতো।এই নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকলেও তা বিএনপির মূল ভোটব্যাংকে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন এলাকাবাসী। বরং অতীত অভিজ্ঞতা ও সংগঠনিক শক্তির বিচারে রেজা আহমেদ বাচ্চু মোল্লাই এগিয়ে রয়েছেন। স্থানীয়দের মতে, ভোটাররা দলীয় অবস্থান ও পরীক্ষিত নেতৃত্বের দিকেই ঝুঁকছেন।এ আসনে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ,জাতীয় পার্টি ,গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অতীতের নির্বাচনী ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এসব দলের ভোট বিচ্ছিন্ন ও সীমিত। জামায়াত এককভাবে নির্বাচন করে আগেও উল্লেখযোগ্য ভোট পায়নি। ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির সাংগঠনিক উপস্থিতিও তুলনামূলক দুর্বল,গণঅধিকার পরিষদ এইবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছে দৌলতপুরে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে বাচ্চু মোল্লা পরিবারের আত্মীয়তার সম্পর্ক।এ পরিবারের একটি বড় ভোটব্যাংক দৌলতপুর উপজেলায় রয়েছে, যা নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক সমর্থকদের বিএনপিতে যোগ দেওয়ার ঘটনাও লক্ষ্য নিয় বিষয় ।
নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, তিনি ব্যক্তিগত বিতর্কে না গিয়ে মানুষের কাছে বিএনপির রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে চান। তাঁর ভাষায়, জনগণই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে এবং তিনি দৌলতপুর বাসির সেই রায়ের ব্যাপারে আশাবাদী।সার্বিকভাবে সব দিক বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহু প্রার্থী থাকলেও কুষ্টিয়া-১ আসনে অভিজ্ঞতা, ঐতিহ্য ও সংগঠনের শক্তিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা।



