কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা বজলুর রহমান সরকারের ছেলে আরিফুর রহমান সুমন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১৩ জানুয়ারি মনোহরদিয়া ও ঝাউদিয়া এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারণা চালান মুফতি আমির হামজা, যা ‘দি রিপ্রেজেনটেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২’ এবং ২০২৫ সালের নির্বাচনী বিধিমালার ১৮ নম্বর ধারার পরিপন্থী। অভিযোগপত্রে আরিফুর রহমান সুমন একটি ফেসবুক আইডির লিংক সংযুক্ত করেন এবং সেখানে ঘটনার ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে বক্তব্য জানার জন্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তদন্ত করে নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন অফিসে প্রতিবেদন আকারে পাঠাবেন।” অভিযোগের সত্যতা যাচাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, তা ঘিরে এখন কুষ্টিয়া–৩ আসনের ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।