কৈয়ারবিলের খিলছাদক ঘাটে তক্তার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত

ক্রাইম রিপোর্টার কক্সবাজার মোঃ আবদুল করিম
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ঘাটে নবনির্মিত তক্তার ব্রিজটি আজ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ব্রিজটি উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।
এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে খিলছাদক ঘাট এলাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। সচেতন জনগণ প্রতিবছর এ মৌসুমে অস্থায়ী ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আসছিলেন।
জনগণের সেই দাবির প্রেক্ষিতে প্রশাসক, কৈয়ারবিল ইউনিয়ন এবং সহকারী কমিশনার (ভূমি), চকরিয়ার তত্ত্বাবধানে তক্তার এই ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
ব্রিজটি চালু হওয়ায় এখন এলাকাবাসী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন বলে তারা সন্তোষ প্রকাশ করেন।



