খুলনা বিভাগের বাগেরহাট জেলার সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ সম্পর্কিত তথ্য

রবিউল মোল্লা মাল্টিমিডিয়া প্রতিনিধি বাগেরহাট।
খুলনা বিভাগের বাগেরহাট জেলার গর্ব, শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য নাম—বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, যা শতবর্ষ পেরিয়ে আজও জ্ঞানচর্চার এক উজ্জ্বল বাতিঘর হিসেবে দাঁড়িয়ে আছে।
ইতিহাস, ঐতিহ্য আর আধুনিক শিক্ষার সম্মিলনে গড়ে ওঠা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক অনন্য অবস্থান তৈরি করেছে।
১৯১৮ সালের ৯ আগস্ট প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে “বাগেরহাট কলেজ” নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে এ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়।
দীর্ঘ পথচলার পর ১৯৭৯ সালের ৭ মে কলেজটি জাতীয়করণ করা হয়, যা এ প্রতিষ্ঠানের শিক্ষা মান ও গুরুত্বকে আরও সুদৃঢ় করে তোলে।
বাগেরহাট শহরের পশ্চিম পাশে হরিণখানা নামক এলাকায় অবস্থিত এই কলেজটির প্রায় ২০ একর জমিতে বিস্তৃত সবুজ ও মনোরম ক্যাম্পাস । যা শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে এক শান্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাম্পাস মুখরিত থাকে শিক্ষার্থীদের পদচারণায়, ক্লাসের ব্যস্ততা আর স্বপ্নের গল্পে।
বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে। অনার্স ও মাস্টার্স পর্যায়ে একাধিক বিষয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং এখানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট হাজারের কাছাকাছি। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পদচারণায় কলেজটি যেন এক জীবন্ত শিক্ষানগরীতে রূপ নিয়েছে।
এই কলেজের শিক্ষার মানের পেছনে রয়েছে একদল দক্ষ, অভিজ্ঞ ও মানবিক শিক্ষকবৃন্দ। শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষকদের অমায়িক আচরণ, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং অভিভাবকসুলভ দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তোলে। অনেক শিক্ষার্থীর কাছে এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি স্বপ্ন গড়ার একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজটির একাডেমিক ও অবকাঠামোগত পরিবেশ শিক্ষার্থীদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাঠাগার, গবেষণার সুযোগ, ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা এবং সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের তৈরি করছে ভবিষ্যতের জন্য যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে।
সব মিলিয়ে বলা যায়, শতবর্ষী ঐতিহ্য, আধুনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ আজ শুধু বাগেরহাট নয়, পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।
এই কলেজ থেকেই গড়ে উঠছে আগামী দিনের আলোকিত মানুষ, যারা দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা শিক্ষাবিদদের।এমনই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানই বাঙালি জাতির জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্ব গঠনে মুখ্য ভূমিকা রেখে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখান থেকেই তৈরি হচ্ছে আলোকিত মানুষ, যারা দেশ ও সমাজের অগ্রগতিকে এগিয়ে নিচ্ছে নিরবচ্ছিন্নভাবে।ইতিহাস সাক্ষী, জাতি গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এমন প্রতিষ্ঠানগুলোর অবদান চিরস্মরণীয়।



