তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ছাত্রলীগের পাশাপাশি জামায়াত-শিবিরকেও বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, দীর্ঘ দুঃশাসনে দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত নির্যাতন ও নিপীড়নের বড় একটি অংশের জন্য ছাত্রলীগ দায়ী হলেও বাকি অংশের জন্য শিবির দায় এড়াতে পারে না।   শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের অনেককেই ইতোমধ্যে বিচারের মুখোমুখি করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে জামায়াত-শিবিরের ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীরাও আইনের আওতার বাইরে থাকতে পারবে না।   এদিকে কুষ্টিয়া সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের আমন্ত্রণে শুক্রবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জুলাই আন্দোলনের সামনের সারির নেতারা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন মো. আবিদুল ইসলাম আবিদ, শেখ তানভীর বারী হামিম, শেখ নূর উদ্দিন আবীর, তানভীর আল মায়েদ ও জারিন বিশ্বাস এষা।   এর আগে মিরপুর উপজেলা ছাত্রদল ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের তত্ত্বাবধানে আয়োজিত Gen-Z Carnival সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডাকসু নেতৃবৃন্দ অংশ নেন। সেখানে ডাকসুর ভিপি, এজিএস ও জিএস পদপ্রার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী জাহিন বিশ্বাস এষা উপস্থিত ছিলেন।   সমাবেশ সফল করতে পৌর ছাত্রদলের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল আগামীতেও মাঠে থাকবে।