চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের বৃহৎ নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, জনগণকে কষ্ট দিয়ে কোনো রাজনীতি টেকসই হতে পারে না।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নের মূল অন্তরায় হচ্ছে রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রগত দুর্বলতা। তিনি বলেন, “উন্নয়নের নামে গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা রাষ্ট্রের ভিত মজবুত করার বদলে একে তছনছ করে দিয়েছে। দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”
চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর আমরা অন্যায়ভাবে কারও বিরুদ্ধে একটি মামলাও করিনি। আমাদের দায়ের করা আটটি মামলায় একজন করে আসামি রাখা হয়েছে, কারণ প্রকৃত অপরাধী ছাড়া কাউকে অভিযুক্ত করা আমাদের নীতির বিরুদ্ধে।” তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হাজার হাজার মামলা দিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে এবং পরে নাম প্রত্যাহারের নামে অর্থ আদায়ের পথ খুলে দিয়েছে, যা স্পষ্টতই মামলা বাণিজ্য।
কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় দখলদারি ও চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, চালকল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে টাকা আদায়ের তথ্য তাদের কাছে রয়েছে। “চালের প্রতিটি ট্রাক থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়ার খবর আমরা পেয়েছি,”—বলেন তিনি। পাশাপাশি বিভিন্ন পরিবহন স্ট্যান্ড দখল করে চাঁদা আদায়ের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করেন।
চাঁদাবাজদের উদ্দেশ্যে মানবিক আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “যদি সংসারের অভাব-অনটনের কারণে কেউ এসব কাজে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে খেতে প্রস্তুত। কিন্তু মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি করবেন না।” তিনি আরও বলেন, জামায়াত চাঁদাবাজদের সমাজ থেকে দূরে ঠেলে দেবে না; বরং তাদের সংশোধনের মাধ্যমে ভালো কাজে সম্পৃক্ত করতে চায়।
পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করা গেলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।
কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন এবং কুষ্টিয়া-৪ আসনের এমপি প্রার্থী মো. আপজাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভা শেষে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান প্রার্থীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।



