জনগণের মুক্তির লড়াই চলবে: নীলফামারী-১ আসনে এনসিপি নেতা রাশেদ ইসলামের ঘোষণা

নাঈম ইসলাম, নীলফামারী।
নীলফামারী: "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা কেন জীবন দিল? দেশ সংস্কার হওয়ার কথা থাকলেও দুর্নীতি ও চাঁদাবাজি থামেনি"— নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন প্রত্যাশী মোঃ রাশেদুজ্জামান রাশেদ এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে জনগণের আকুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের মনে বড় ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি এখনো চলমান।
রাশেদুজ্জামান রাশেদ তার বিবৃতিতে উল্লেখ করেন, "জনগণের মুক্তির জন্য আমাদের লড়াই ও সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমরা জনগণের প্রতিটি প্রশ্নের প্রতি শ্রদ্ধাশীল।" তিনি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আগামী নির্বাচনে 'হ্যাঁ' ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান এবং 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে রাজপথে থাকার অঙ্গীকার করেন।
এলাকার সাধারণ মানুষের মধ্যে তার এই বিবৃতি ব্যাপক সাড়া ফেলেছে। ডোমার-ডিমলা আসনের তরুণ ও সাধারণ ভোটাররা এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় তার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।



