চীফ রিপোর্টার আজিজুল হক  কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সূচনা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক। মুক্ত আলোচনায় পুলিশ সুপার উপস্থিত নাগরিকদের সঙ্গে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন অংশগ্রহণকারীরা। জবাবে পুলিশ সুপার বলেন, “জনগণই পুলিশের প্রধান শক্তি। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করবে।” তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত। আলোচনার একপর্যায়ে পুলিশ সুপার মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা, অযথা পুলিশি হয়রানি এবং নাগরিক ভোগান্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়েও মতামত জানতে চান। উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে তিনি তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। জেলা পুলিশ সূত্র জানায়, জনগণের জানমাল রক্ষা ও আইনের শাসন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখা হচ্ছে।