চীফ রিপোর্টার, আজিজুল হক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে জাগরণী পথযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সোমবার বিকেলে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে পথযাত্রাটি শুরু হয়। এতে অংশ নেন কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার সংসদ সদস্য প্রার্থী মুফতী হেদায়েতুল্লাহ হাদী। পথযাত্রাটি শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে মুফতী হেদায়েতুল্লাহ হাদী বলেন, “আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। দুর্নীতি, অবিচার ও অনৈতিকতার বিরুদ্ধে ইসলামী আদর্শই পারে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে।” তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের জনগণ যেন রিকশা মার্কায় ভোট দিয়ে ইসলামপন্থী রাজনীতির পক্ষে রায় দেয়। পথযাত্রা ও সমাবেশে খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নির্বাচনী স্লোগান ও প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০-দলীয় জোটের শরিক হিসেবে অংশগ্রহণ করছে এবং কিশোরগঞ্জ-১ আসনে দলীয় প্রতীক রিকশা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে