স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরবাসীকে এক আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জননেতা মাজহারুল ইসলাম। গত বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকাবাসীর জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মাজহারুল ইসলাম বলেন, তিনি সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি নিজেকে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের মানুষের ‘ভাই ও বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘রাজনৈতিক জীবনের শুরু থেকে এই অবদি আপনারাই ছিলেন আমার সুখ দুঃখের সাথী। আমি কখনোই আপনাদের ছেড়ে যাইনি।’’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, যখন দমবন্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, তখনও তিনি রাজপথে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে স্লোগান দিয়েছেন। তিনি দাবি করেন, নিজের সন্তানের মতো করে তিনি বিএনপিকে এই এলাকায় সুসংগঠিত করেছেন এবং দলের কোনো ক্ষতি হতে দেননি। অতীতের দুর্বিষহ দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদী আমলে যখন নিজের ঘরে আমাদের নেতাকর্মীরা ঘুমাতে পারত না, অন্যের বাড়িতে আশ্রয় নিত, তখন আমি দেখেছি কীভাবে আমার নির্বাচনী এলাকার মানুষ আমাদের দলের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে ভালোবাসার সাথে গ্রহণ করেছেন।’’ ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাজহারুল ইসলাম এক বড় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘‘আমি কথা দিলাম, ধানের শীষ প্রতীক জয়ী হলে আমি মাজহারুল ইসলাম এর জীবনের বিনিময়ে হলেও আমার প্রাণপ্রিয় সদর এবং হোসেনপুরবাসীর জন্য একটি নিরাপদ, বাসযোগ্য বাসভূমি তৈরি করব।’’ পরিশেষে, তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং মহান আল্লাহর কাছে বিজয় প্রার্থনা করে নেতাকর্মীদের সাথে বিজয় মিছিলে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।