মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যানরা আত্মগোপনে রয়েছেন। জনসেবা ও দাপ্তরিক কাজ সচল রাখতে এসব ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হলেও সরকারি ‘ইউনিয়ন পোর্টালে’ তাদের নাম ‘প্যানেল চেয়ারম্যান’ এর পরিবর্তে সরাসরি ‘চেয়ারম্যান’ হিসেবে প্রদর্শিত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা পদত্যাগ না করা সত্ত্বেও দাপ্তরিক ওয়েবসাইটে এমন পরিবর্তনে জনমনে বিভ্রান্তি ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনলাইনে অনুসন্ধানে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ দীর্ঘদিন ধরে পলাতক। বর্তমানে সেখানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সীমলা রায়। অথচ পরিষদের অফিসিয়াল ওয়েব পোর্টালে তাকে পূর্ণ ‘চেয়ারম্যান’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। একই চিত্র দেখা গেছে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদেও। সেখানে নির্বাচিত চেয়ারম্যান অনিল চন্দ্র সেন গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে। বর্তমানে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন। কিন্তু সরকারি পোর্টালে তার নামের পাশেও পদবি হিসেবে কেবল ‘চেয়ারম্যান’ শব্দটি শোভা পাচ্ছে। সাধারণত নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানরা ‘ভারপ্রাপ্ত’ বা ‘প্যানেল চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু পোর্টালে সরাসরি ‘চেয়ারম্যান’ হিসেবে নাম আসায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন এটি কি কারিগরি কোনো ত্রুটি, নাকি স্থায়ী কোনো প্রশাসনিক পরিবর্তনের পূর্বাভাস? এ বিষয়ে যোগাযোগ করা হলে আকচা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সীমলা রায় এবং রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন উভয়ই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তারা জানান, তারা প্যানেল চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছেন; তবে কেন বা কীভাবে সরকারি ওয়েবসাইটে তাদের নাম ‘চেয়ারম্যান’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে তারা অবগত নন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম জানান, পোর্টালে প্যানেল চেয়ারম্যানদের নাম পূর্ণ চেয়ারম্যান হিসেবে আসাটি কারিগরি ত্রুটি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই ওয়েবসাইট থেকে পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ পদবি বাদ দিয়ে ‘প্যানেল চেয়ারম্যান’ যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।