স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে ঢাকায় এসেছিলেন, কথা ছিল আজ সকালেই বুড়িমারী এক্সপ্রেস নিয়ে ফিরবেন লালমনিরহাটে। কিন্তু সেই ডিউটিতে আর ফেরা হলো না। কর্তব্যরত অবস্থায় ঢাকার রানিং রুমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন লালমনিরহাট ডিভিশনের এক ট্রেন পরিচালক। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে। জানা গেছে, ঢাকায় পৌঁছানোর পর তিনি রানিং রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ভোররাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা শুরু হলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত ট্রেন পরিচালকের বাড়ি সান্তাহার উপজেলার রানীনগর এলাকায়। তিনি লালমনিরহাট বিভাগীয় সদরে কর্মরত ছিলেন। একজন কর্মঠ সহকর্মীকে হারিয়ে রেল অঙ্গনে গভীর শোক বিরাজ করছে। সহকর্মীরা মরহুমের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।