ডিউটিতে যাওয়ার পথে প্রাণ কোম্পানির ভ্যানে প্রাণ গেল আদম আলীর।

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় আল আমিন জুট মিলের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পাবনা–কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আদম আলী বিশ্বাস (৬০)। তিনি মিরপুর উপজেলার নওদাখাদিমপুর গ্রামের বাসিন্দা এবং গোলজার গাইনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আল আমিন জুট মিল লিমিটেডে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিদিনের মতো ভোরে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সাহার তেল পাম্পের সামনে পৌঁছালে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়।
আল আমিন জুট মিলের সহকারী পরিচালক সাদিকুর রহমান বলেন, আদম আলী বিশ্বাস ছিলেন একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য কর্মী। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান ও চৌড়হাস থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



