করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম ওসমান ফারুক বলেছেন, হাওড় অধ্যুষিত করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের পশ্চিম ভাটি গাংগাটিয়ার জনগণের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ধান রোপণের ব্যস্ত মৌসুম ও তপ্ত রোদের মধ্যেও তার আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় তিনি এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এক সংক্ষিপ্ত সমাবেশে ড. এম ওসমান ফারুক বলেন, “এই এলাকার মানুষ কৃষিকাজে ব্যস্ত থাকার পরও আমার ডাকে সাড়া দিয়েছেন—এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই আমার রাজনীতির মূল শক্তি।” তিনি আরও বলেন, হাওড় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং অবহেলিত জনপদের টেকসই উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান। সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্র যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি সুমন। তিনি বলেন, “ড. এম ওসমান ফারুক একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে করিমগঞ্জ–তাড়াইল এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।” গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি তার বক্তব্যে বলেন, “এই এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ড. এম ওসমান ফারুকের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তার নেতৃত্বে হাওড় এলাকার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।” জেলা বিএনপির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি সুমন বলেন, “তরুণ সমাজ ড. এম ওসমান ফারুকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় আপসহীন ভূমিকা রেখেছেন।” অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. এম ওসমান ফারুককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।