তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে করিমগঞ্জ–তাড়াইল আসনে ওসমান ফারুকের নির্বাচনী প্রচারে ভিপি সুমনের আহ্বান

করিমগঞ্জ কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ধানের শীষের প্রার্থী ড.এম,ওসমান ফারুকের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভিপি সুমন। মঙ্গলবার নির্বাচনী সভায় তিনি তরুণ ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানান।
ভিপি সুমন বলেন,
“এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হলে দেশ পাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটের অধিকার।”
তিনি আরও বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতীক। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত—এই নির্বাচন সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
নির্বাচনী বক্তব্যে ভিপি সুমন ধানের শীষের প্রার্থী ওসমান ফারুক সম্পর্কে বলেন,
“ওসমান ফারুক একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সুখ-দুঃখ তিনি কাছ থেকে জানেন। সংসদে গেলে তিনি এই অঞ্চলের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন।”
তিনি তরুণ সমাজকে উদ্দেশ করে বলেন, পড়াশোনা, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং একটি নিরাপদ ভবিষ্যতের জন্য সচেতনভাবে ভোটকেন্দ্রে যাওয়ার কোনো বিকল্প নেই। ভয়ভীতি উপেক্ষা করে নিজের ভোট নিজে দেওয়ার মধ্য দিয়েই গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।
পথসভায় ধানের শীষের প্রার্থী ওসমান ফারুক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি করিমগঞ্জ–তাড়াইলকে একটি পরিকল্পিত ও উন্নয়নবান্ধব এলাকায় রূপান্তরের জন্য কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দেন।
নির্বাচনী প্রচার সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



