তালা উপজেলা প্রতিনিধি,কাজী এনামুল ইসলাম বিপ্লব সাতক্ষীরার তালা উপজেলায় হঠাৎ করেই তীব্রতা পেয়েছে শীত। জেলার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে জনপদ। টানা কয়েক দিনের অব্যাহত শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শীতের প্রকোপ বাড়লেও এখনো সরকারিভাবে শীতার্তদের জন্য কম্বল বা গরম কাপড় বিতরণ শুরু হয়নি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও খেটে খাওয়া মানুষজন। শীত নিবারণের জন্য অনেকেই খড়-কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। সন্ধ্যার পর ঘন কুয়াশা নেমে আসায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো গতি কমিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতের প্রভাবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অগ্রহায়ণের মধ্যভাগেই এমন শীতে কাঁপছে তালাবাসী। গতকাল সকালে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা কমেনি। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন। স্থানীয়দের দাবি, দ্রুত শীতার্তদের জন্য সরকারি সহায়তা ও গরম কাপড় বিতরণ শুরু না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।