তুলাই-শিমুল কেন্দ্রে সকালে উৎসবমুখর ভোটগ্রহণ, দুপুরে কমে যায় উপস্থিতি; কারচুপির অভিযোগ ও অস্বীকার

আখাউড়া প্রতিনিধি : সিজান সরকার
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনিয়ন্দ ইউনিয়নের তুলাই-শিমুল ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভোটারদের কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যায়।
তবে দুপুরের পর পরিস্থিতিতে পরিবর্তন দেখা যায়। দুপুর ১২টার পর থেকে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। কেন্দ্র প্রাঙ্গণ ফাঁকা হতে শুরু করে এবং ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।
এদিকে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আতাউর রহমান সরকারের সমর্থকেরা বিএনপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন। তাঁদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে অনিয়মের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল খন্দকার। তিনি বলেন, অভিযোগটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলেছে বলে তিনি দাবি করেন।



