তৃণমূলের লড়াইয়ে পিছিয়ে অন্য ৪ প্রার্থী, জামালচরে সক্রিয় কেবল দুই দলের সহায়তা কেন্দ্র

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার
আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের প্রতিটি পাড়া-মহল্লায় এখন বিরাজ করছে নীরব উত্তেজনা। দোহারের রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটিতে নির্বাচনের চিরচেনা দৃশ্য, দলীয় 'সহায়তা কেন্দ্র' স্থাপনের ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রাধান্য লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার বাইরে রাজনৈতিক দলগুলো ভোটারদের তথ্যের জন্য অস্থায়ী সহায়তা কেন্দ্র স্থাপন করতে পারে। আজ বুধবার বেলা ২:১৫ মিনিট পর্যন্ত জামালচর কেন্দ্র এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঢাকা-১ আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনি মাঠে লড়াই করলেও ৪ নং ওয়ার্ডে সক্রিয় সহায়তা কেন্দ্র রয়েছে মাত্র দুটি দলের।
খোঁজ নিয়ে জানা গেছে, ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থকরাই কেবল ভোটারদের জন্য অস্থায়ী সহায়তা কেন্দ্র খুলেছে।
আশ্চর্যের বিষয় হলো, এই আসনে অন্তরা হুদা (হরিণ - স্বতন্ত্র), মাওলানা নুরুল ইসলাম (হাতপাখা - ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো. আলী (আনারস - লেবার পার্টি), মো. নাসির উদ্দিন মোল্লা (লাঙল - জাতীয় পার্টি) আলোচনায় থাকলেও জামালচরের এই ওয়ার্ডে তাদের কোনো দৃশ্যমান 'সহায়তা কেন্দ্র' দেখা যায়নি। স্থানীয় সচেতন মহলের মতে, জনবল এবং তৃণমূল পর্যায়ে সুসংগঠিত কর্মীবাহিনীর অভাবেই অন্যান্য প্রার্থীরা সব কেন্দ্রে এই ধরনের সহায়তা কেন্দ্র খুলতে পারছে না।



