দক্ষিণ কোরিয়ায় ‘ব্ল্যাক আইস’ আতঙ্ক: এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষে নিহত ৫, আহত বহু

নিজস্ব প্রতিবেদক | দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় চলমান বিরূপ আবহাওয়া ও সড়কে জমে থাকা মরণফাঁদ ‘ব্ল্যাক আইস’-এর কারণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দেশটির বিভিন্ন এক্সপ্রেসওয়েতে ঘটা এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। কর্তৃপক্ষের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার বিবরণ
কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ও খিয়ংবুক প্রাদেশিক পুলিশ সংস্থার তথ্য অনুযায়ী, আজ সকালে খিয়ংসাংবোকদোর নামসাংজু (Namsangju) এলাকার কাছে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনায় একটি ট্রেলার সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সেই দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে, যানজটের কারণে ধীরগতিতে চলা যানবাহনের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ ঘটে। এতে একটি সোনাটা সেডান গাড়ি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা ৪ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অপর একটি পৃথক ঘটনায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। ছিটকে পড়ার আগে ট্রাকটি পর্যায়ক্রমে আরও ছয়টি গাড়িকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের চালক নিহত হন এবং আরও সাতজন আহত হন।
কর্তৃপক্ষের ভাষ্য
কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন জানিয়েছে, সকাল থেকেই বিরূপ আবহাওয়ার কারণে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। উদ্ধারকাজ চলছে, তবে আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তা
তীব্র শীত ও তুষারপাতের কারণে সৃষ্ট অদৃশ্য বরফ বা ‘ব্ল্যাক আইস’ এখন চালকদের জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’র পক্ষ থেকে দেশটিতে বসবাসরত সকল প্রবাসী ভাই-বোনদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে এই বৈরী আবহাওয়ায় গাড়ি চালানোর সময় ব্ল্যাক আইস থেকে সর্বোচ্চ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।



