দক্ষিণ কোরিয়ার ‘জাতীয় অভিনেতা’ আনসংগি আর নেই

সিউল প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র ও ‘জাতীয় অভিনেতা’ খ্যাত আনসংগি (Ahn Sung-ki) আর নেই। আজ ৫ জানুয়ারি (সোমবার) সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি মৃত্যুবরণ করেন।
আজ বিকেলেই সিউলের সোচো-গু (Seocho-gu) এলাকায় অবস্থিত ‘ক্যাথলিক ইউনিভার্সিটি অফ কোরিয়া সিউল সেন্ট মেরিস হসপিটাল’-এর ফিউনারেল হলে বরেণ্য এই অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে আনসংগি ১৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি ‘বোগওয়ান অর্ডার অফ কালচারাল মেরিট’ সম্মাননায় ভূষিত হন। এছাড়াও, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কোরিয়ান ফিল্ম অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



