ডেস্ক রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা না রাখা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের এই সিদ্ধান্তে তাদের দলের সব পদ-পদবিও বাতিল করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করা এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে সহযোগিতা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন— গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরদিন (১৩ ফেব্রুয়ারি) সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনকে আরও সুসংহত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।