ডেস্ক রিপোর্ট নওগাঁ: ভোটকে ঈমানি দায়িত্ব হিসেবে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত নওগাঁ পৌরসভার আরজি–নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহরিয়ার কবির বলেন, মানুষের জান্নাত বা জাহান্নামের ফয়সালা কোনো মানুষ দিতে পারে না। একমাত্র আল্লাহ তায়ালাই সেই ক্ষমতার অধিকারী। তাই কিয়ামতের দিন কবরে গিয়ে যেন আল্লাহর কাছে বলা যায়—আমরা তাঁর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছি। তিনি প্রশ্ন রেখে বলেন, “দাঁড়িপাল্লায় ভোট না দিলে আল্লাহর কাছে কী জবাব দেওয়া হবে?” ভোটকে আমানত হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, যে ব্যক্তি ভোট পেয়ে দেশের কল্যাণে কাজ করে না, সে আমানতের খেয়ানত করে। দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ইসলামী যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন, তারা ক্ষমতার লোভে নয়, জনগণের সেবার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, জামায়াত ইসলামী আমির স্পষ্টভাবে বলেছেন—ভোটের পর কেউ যদি আমানতের খেয়ানত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন স্পষ্ট দায়বদ্ধতার ঘোষণা অন্য কোনো রাজনৈতিক দলে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শাহরিয়ার কবির বলেন, অতীতের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। ভবিষ্যৎ বাংলাদেশে চোরাকারবারি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া হবে না। তিনি ভোট কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে বলেন, কেউ চুরি করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিদেশি প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জামায়াত ইসলামী মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানদের স্বার্থবিরোধী শক্তির পক্ষে অবস্থান নেওয়াকে তিনি মারাত্মক অন্যায় হিসেবে উল্লেখ করেন। সমাবেশে নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত ইসলামী প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শাহরিয়ার কবির ৮নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।