দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুই বিএনপি নেতা আটক

সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বিজিবি ৬০ ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশ এ অভিযানে অংশ নেয়। আটকরা হলেন- দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)। অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। তাছাড়া স্থানীয় এক সূত্রে জানা যায় তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকালে দক্ষিণ চকবস্তা এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ দুই ভাইকে আটক করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলো আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



