দেশ ও রাজনীতির বর্তমান অবস্থা: সাধারণ মানুষের কিছু প্রশ্ন
নতুন দৃষ্টি
মন্তব্য প্রতিবেদন।
বর্তমানে দেশের পরিস্থিতি দেখে সাধারণ মানুষের মনে কিছু গভীর ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়গুলো যদি আমরা একটু সহজভাবে দেখি:
১. আইনের প্রয়োগ কি সবার জন্য সমান নয় ।নির্বাচনের অজুহাত দিয়ে বিশ্ব ইজতেমার মতো বড় ধর্মীয় জমায়েত বন্ধ করে দেওয়া হলো। বলা হলো—নিরাপত্তার খাতিরে বড় সভা-সমাবেশ করা যাবে না। কিন্তু অবাক করার বিষয় হলো, একজন বিতর্কিত ব্যক্তির সংবর্ধনার জন্য ঠিকই বিশাল আয়োজনের অনুমতি দেওয়া হলো! যদি সাধারণ মানুষের সভা-সমাবেশ নিষিদ্ধ হয়, তবে এই সংবর্ধনা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়? নির্বাচন কমিশন কি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে? ২. নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন একটি দেশ শান্তিতে থাকবে কি না, তা নির্ভর করে একটি সুষ্ঠু নির্বাচনের ওপর। কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান কর্মকাণ্ডে কি সেই নিরপেক্ষতা দেখা যাচ্ছে? কমিশন যদি এখনই স্বচ্ছতা নিশ্চিত করতে না পারে, তবে ভবিষ্যতে দেশ এক ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। ৩. রাজনীতি বনাম মানবিকতা সবকিছুর ঊর্ধ্বে হলো মা। যার মা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন, সেই সন্তান কীভাবে সংবর্ধনা নেওয়ার উৎসবে মেতে ওঠে? রাজনীতি বা ক্ষমতা কি এতটাই বড় যে মায়ের অসুস্থতাকেও হার মানায়? এ ধরনের আচরণ আমাদের পারিবারিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চরম অবমাননা। মূল কথা:আমরা এমন একটি দেশ চাই যেখানে আইন সবার জন্য সমান হবে। যেখানে নির্বাচন কমিশন হবে শক্তিশালী ও নিরপেক্ষ, আর মানুষের কাছে রাজনীতির চেয়ে মানবিকতা ও মা-বাবার সম্মান হবে সবার আগে।
গাজী মাজহারুল ইসলাম, কলামিস্ট



