তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক নেতা মোঃ ইয়াকুব আলী। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার বিচারকমণ্ডলী যাচাই-বাছাই শেষে তাকে এই সম্মানে ভূষিত করেন। মোঃ ইয়াকুব আলী বর্তমানে বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।শিক্ষা ক্ষেত্রে মোঃ ইয়াকুব আলীর অবদান অনস্বীকার্য। তার শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য,বিডিএস মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৩ সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং গত ৩২ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। এর আগে তিনি বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এস বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সহকর্মীদের মতে, তার এই জয় উপজেলার শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মোঃ ইয়াকুব আলী বলেন: "এই অর্জন আমার একার নয়, এটি দৌলতপুরের সকল শিক্ষকের। শিক্ষকতা একটি মহান পেশা এবং শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। জীবনের শেষ দিন পর্যন্ত আমি দেশের শিক্ষা বিস্তারে নিজেকে উৎসর্গ করতে চাই।"