দৌলতপুরে ধানের শীষের পক্ষে নারী ভোটারদের ঐক্যবদ্ধ করতে মাঠে শেফালী মোল্লা

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে নারী ভোটাররা সবচেয়ে বড় নিয়ামক হিসেবে সামনে এসেছে। মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হওয়ায় এই আসনে জয়-পরাজয়ের সমীকরণ অনেকটাই নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপর।
এই বাস্তবতায় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে বিজয়ী করতে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী কুষ্টিয়া জেলা মহিলা দলের সহ-সভাপতি শেফালী মোল্লা। তিনি নিয়মিত বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। পাশাপাশি নানা এলাকায় নারী সমাবেশের আয়োজন করে নারী ভোটারদের সংগঠিত করার আহ্বান জানাচ্ছেন।
এক নারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেফালী মোল্লা বলেন, দৌলতপুরবাসী তাঁর পরিবারকে দীর্ঘদিন ধরে কাছ থেকে চেনে। তাঁর শ্বশুর মরহুম আহসানুল হক পচা মোল্লা একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর স্বামী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাও দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তিনি বলেন, আমাদের বাড়িতে সাধারণ মানুষ নির্বিঘ্নে আসতে পারে, নেতার সঙ্গে দেখা করতে কোনো বাধা নেই। এই খোলামেলা রাজনীতির চর্চাই আমাদের পরিবারের পরিচয়।
স্বামীর রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা আপাদমস্তক একজন রাজনীতিবিদ। দলের জন্য তিনি নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছেন। রাজনীতি করতে গিয়ে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দৌলতপুরে দলকে সুসংগঠিত রেখেছেন।নারী ভোটারদের উদ্দেশ্যে শেফালী মোল্লা বিএনপির ৩১ দফা কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপদ জীবনের রূপরেখা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো নিয়মিত সহায়তা পাবে এবং সংসার পরিচালনা সহজ হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হবে।তিনি আরও বলেন, বিএনপির পরিকল্পনায় রয়েছে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, কৃষি ও সামাজিক সুরক্ষা জোরদার করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা। এসব বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য কমবে এবং নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।শেষে শেফালী মোল্লা আশা প্রকাশ করেন, দৌলতপুরের নারী ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে সংসদ সদস্য নির্বাচিত করবেন এবং তাঁকে সংসদে পাঠিয়ে দৌলতপুরবাসীর সেবার সুযোগ করে দেবেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের কথা শোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে তাই নারী ভোটারদের কাছে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইতে শেফালী মোল্লার ভূমিকা এখন সবার নজর কাড়ছে ।



