দৌলতপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক

তানভীর আজাদ,কুষ্টিয়াপ্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আল্লাহর দরগা বাজারে আয়োজিত এই সভায় বিএনপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা রয়েছে। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।” তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার আরিফুর রহমান আরিফ ও বাবু ব্রজেন কুমার। এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জরুরি। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
আল্লাহর দরগা মন্দিরের সভাপতি বাবু অমিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে নেতৃবৃন্দ তা গুরুত্ব সহকারে সমাধানের আশ্বাস প্রদান করেন।



