দ. কোরিয়ার বিমানবন্দরে জুতার সোলে মিলল ১৮৩টি নকল আইডি কার্ড: নেপথ্যে ভিয়েতনাম ও চীনা চক্র

নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ কোরিয়ার কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করতে অভিনব পন্থার আশ্রয় নিয়েছে আন্তর্জাতিক জালিয়াতি চক্র। বিমানবন্দরে সন্দেহভাজন যাত্রীর পায়ের জুতার সোল (স্লিপারের তলা) খুলতেই বেরিয়ে এসেছে একের পর এক নকল আইডি কার্ড।
সাম্প্রতিক এক অভিযানে মোট ১৮৩টি জাল নথি জব্দ করেছে কর্তৃপক্ষ। তদন্তে জানা গেছে, ভিয়েতনাম ও চীন থেকে আগত একটি সংঘবদ্ধ অপরাধী চক্র এই ভয়ঙ্কর জালিয়াতির সাথে জড়িত। তাদের এই অভিনব পাচারের কৌশল দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন ব্যবস্থা অত্যন্ত কঠোর ও সুশৃঙ্খল। এর মাঝেই কীভাবে এই চক্রটি সক্রিয় হয়ে উঠল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন দেশটিতে অবস্থানরত সাধারণ ও বৈধ অভিবাসীরা।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইঞ্জিনিয়ার এম. মনির হোসেন জানান, "মুষ্টিমেয় কিছু মানুষের লোভ ও অপরাধের কারণে পুরো অভিবাসী কমিউনিটি আজ সন্দেহের তালিকায় পড়ছে। ভিয়েতনাম ও চীনাদের এই চক্রের পাপের ফল ভোগ করতে হচ্ছে সৎ ও পরিশ্রমী বৈধ ভিসাধারীদের।"
তিনি আরও বলেন, অবৈধ উপায়ে অনুপ্রবেশের এই চেষ্টা ইমিগ্রেশন আইনকে আরও কঠোর করে তুলবে, যার ফলে যারা বৈধভাবে কাজ করছেন বা ভবিষ্যতে আসতে চাইছেন, তারা অহেতুক হয়রানির শিকার হতে পারেন।



