নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি :মোঃ রাকিব বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া–৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা নতুন গতি পেয়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও সংগঠন শক্তিশালী করতে নন্দীগ্রামে একত্রিত হয়েছেন বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের আহ্বানে আয়োজিত এই সভায় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থলে তৈরি হয় নির্বাচনী আমেজ। সভায় বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাঁদের বক্তব্যে উঠে আসে—এই প্রতীক শুধু একটি নির্বাচন চিহ্ন নয়, বরং এটি জনগণের ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, নন্দীগ্রামের মানুষ ঐতিহাসিকভাবেই গণতন্ত্রমুখী। আজকের এই উপস্থিতি প্রমাণ করে, জনগণের ঐক্য থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তিনি নেতাকর্মীদের ব্যক্তিগত বিভেদ ভুলে গিয়ে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান এবং ঘরে ঘরে ভোটারদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় নন্দীগ্রাম দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। সভায় আরও বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতা, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও ছাত্রদলের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদারের দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা যায়। মোঃ রাকিব বাবু নন্দীগ্রাম, বগুড়া ।