মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। শনিবার (তারিখ ৩/১/২০২৬) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালবেলা উপজেলা চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। তিনি সমাজসেবা কার্যক্রমের বিস্তৃতি ও এর সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষকে মূলধারায় সম্পৃক্ত করাই সমাজসেবার মূল লক্ষ্য। প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই টেকসই কল্যাণ নিশ্চিত করা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মো: সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের ও মো: বয়েত রেজা। এছাড়া বক্তব্য দেন সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য জয়নাল আবেদিন ও হালিমা খাতুনসহ অন্যান্যরা।বক্তারা সমাজের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা বিভাগের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সমাজকল্যাণমূলক ধারণা ছড়িয়ে দেওয়া, সচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।