নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যের আকাশে আজ এক বড় নক্ষত্রের পতন হলো। ছড়ার জাদুকর, কিংবদন্তি ছড়াকার সুকুমার বড়ুয়া আর আমাদের মাঝে নেই। তাঁর মহাপ্রয়াণে বাংলা ছড়াসাহিত্যের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। যিনি তাঁর লেখনীর জাদুতে কয়েক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছিলেন, সেই প্রিয় সুকুমার দা আজ জাগতিক মায়া ত্যাগ করে পাড়ি জমালেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে সাহিত্যঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সুকুমার বড়ুয়া কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বাংলা ছড়ার এক সচল প্রতিষ্ঠান। তাঁর রচিত ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’-এর মতো কালজয়ী ছড়াগুলো বাঙালির শৈশব ও কৈশোরের অবিচ্ছেদ্য অংশ। তিনি চলে গেলেও তাঁর সৃষ্টি কর্মের মধ্য দিয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন পাঠ ও পাঠ্যে, স্মৃতি ও স্মরণে। তাঁর ছন্দের দোলা এবং তীক্ষ্ণ রসবোধ তাঁকে চিরকাল অমর করে রাখবে। স্মৃতিচারণ ও শ্রদ্ধা: বরেণ্য এই ছড়াকারের প্রয়াণে ‘নতুন দৃষ্টি’ পরিবার এবং চিফ রিপোর্টার আজিজুল হক গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছেন। এক শোকবার্তায় বলা হয়, "সুকুমার বড়ুযার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়।" মহান সৃষ্টিকর্তা তাঁর বিদেহী আত্মাকে শান্তি দান করুন।