বিশেষ প্রতিবেদন— নাঈম ইসলাম বর্তমান যুগে তথাকথিত 'আধুনিকতা'র জোয়ারে আমরা আমাদের হাজার বছরের পুরনো বাঙালি সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইংরেজি বর্ষবরণ বা পাশ্চাত্য আদব-কায়দা নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখা যায়, তার ছিটেফোঁটাও আমাদের নিজস্ব উৎসবগুলোতে দেখা যায় না। শেকড় ভুলে যাওয়া কি বীরত্ব? আমরা সেই জাতি যারা ভাষার জন্য রাজপথে রক্ত দিয়েছে। পৃথিবীর আর কোনো জাতিকে তাদের মায়ের ভাষার জন্য এভাবে প্রাণ দিতে হয়নি। অথচ আজ আমরা নিজেদের শিক্ষিত প্রমাণ করতে গিয়ে কথায় কথায় ইংরেজি ব্যবহার করি, বাংলা বলতে লজ্জা বোধ করি। এটি কি আসলে উন্নয়ন, নাকি মানসিক দাসত্ব? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটি আমাদের শিখতে হবে জ্ঞান অর্জনের জন্য, চাকরির জন্য। কিন্তু আবেগের জায়গাটা হওয়া উচিত একান্তই বাংলার। ইংরেজি আমাদের 'মস্তিষ্ক' হতে পারে, কিন্তু বাংলা আমাদের 'হৃদয়'। আসুন, আমরা নিজের ঘরে বাংলা চর্চা বাড়াই। আমাদের সন্তানদের শুধু ইংরেজি মিডিয়ামে পড়িয়ে 'সাহেব' বানানোর প্রতিযোগিতায় না নেমে, তাদের প্রকৃত 'বাঙালি' হিসেবে গড়ে তুলি। নীলফামারীসহ সারা দেশের মানুষের কাছে আমার আহ্বান—আসুন আমরা আমাদের পরিচয় নিয়ে গর্ব করি।