চীফ রিপোর্টার, আজিজুল হক  কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে হাতপাখা প্রতীকের পদপ্রার্থী হাফেজ মাওঃ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার নিয়ামতপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ছফির উদ্দিন। সভা শেষে একটি শান্তিপূর্ণ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্য হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওঃ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে একটি জনকল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইজতেহার ঘোষণা করেছে। এই ইজতেহার কোরআন-সুন্নাহভিত্তিক বাস্তবসম্মত রূপরেখা। জনগণ যদি হাতপাখার পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবেই।” তিনি আরও বলেন, “নিয়ামতপুর ইউনিয়নের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হলে বিজয় অবশ্যম্ভাবী।” সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্যে মাওলানা ছফির উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে এ জনপদ অবহেলিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার লোভে নয়, মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করে। হাতপাখা প্রতীক মানেই আমানতদার ও চরিত্রবান নেতৃত্ব।” অন্যান্য বক্তাদের বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বলেন, “দেশবাসী আজ দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি থেকে মুক্তি চায়। ইসলামী আন্দোলনের ঘোষিত ইজতেহারই পারে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে। তাই আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল ইসলাম বলেন, “হাতপাখা আজ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীক মানেই সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব।” সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিসবাহ বলেন, “তৃণমূল থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। জনগণের এই জাগরণ আর থামানো যাবে না।” ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “যুবসমাজ আর প্রতারণার রাজনীতি চায় না। তারা চায় আদর্শবান নেতৃত্ব—যা হাতপাখা প্রতীকের মধ্যেই প্রতিফলিত।” পথসভা ও মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাতপাখা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। ।