নির্বাচনী উত্তাপে সীমান্তে বিজিবির বড় সাফল্য: দৌলতপুরে মসুরক্ষেত থেকে উদ্ধার দুই বিদেশি পিস্তল ও গুলি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন সারাদেশে নির্বাচনী উত্তাপ, ঠিক তখনই কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য পেল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৮৪/৩-এস এলাকার বাংলাদেশ অংশে (প্রায় ১০ গজ অভ্যন্তরে) আতারপাড়া মাঠের একটি সবুজ মসুরক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্র জানায়, পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালে কোনো সংঘর্ষ ছাড়াই অত্যন্ত কৌশলগতভাবে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্ত দিয়ে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,
“একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না।”
সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বিজিবির টহল জোরদার হওয়ায় চোরাচালান কার্যক্রম অনেকটাই কমেছে। তবে নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের উপস্থিতি সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগও সৃষ্টি করেছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
নির্বাচনের প্রাক্কালে সীমান্তে বিজিবির এই সফল অভিযান চোরাকারবারি ও অপরাধচক্রের জন্য স্পষ্ট বার্তা—সীমান্ত আর নিরাপদ নয়, আর আইনশৃঙ্খলা বিনষ্টের কোনো সুযোগও নেই।



