নির্বাচনী মাঠে নতুন শক্তি: তরুণদের সমর্থনে গতি পাচ্ছে ধানের শীষ

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নির্বাচনী মাঠে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তরুণ রাজনীতির একটি বড় সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুর উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়াস ইবনে সানা তাঁর অনুসারীদের নিয়ে ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে অবস্থান নিয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তারাগুনিয়ায় চলমান গণসংযোগে এই অবস্থান স্পষ্ট করেন পিয়াস ইবনে সানা। উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি জানান, এনসিপি (NCP) থেকে সরে আসার সিদ্ধান্ত কোনো হঠাৎ আবেগ নয়, বরং রাজনৈতিক বাস্তবতা ও অভিজ্ঞতার ফল।
তার বক্তব্যে উঠে আসে আন্দোলনের সময়কার প্রত্যাশা আর বাস্তব রাজনীতির ফারাক। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজপথে থেকে যে পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল, এনসিপির রাজনীতিতে তা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়নি। সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনার প্রশ্নে দলটি ব্যর্থ হয়েছে বলেই তাঁর এই সিদ্ধান্ত।
বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবকেই তিনি সবচেয়ে বাস্তবসম্মত পথ হিসেবে দেখছেন। পিয়াস ইবনে সানার মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্র ও সমাজে বৈষম্য কমবে, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তি শক্ত হবে।
স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, তরুণদের একটি সংগঠিত অংশ ধানের শীষের পক্ষে আসায় নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসতে পারে। গণসংযোগের সময় পিয়াস ইবনে সানার সঙ্গে তাঁর সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন, যা এই সমর্থনকে আরও দৃশ্যমান করে তোলে।



