নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি নাঈম ইসলাম
নীলফামারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারহান মাসুদ (মাছুদ) নামে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। নিহত মাসুদ জেলা শহরের পুরাতন স্টেশন ঢুলিয়ার এলাকার আক্কাস আলীর ছেলে।
আজ বিকেল ০৩.৩০ মিনিটে মাসুদ মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরে তাকে রংপুর নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাসুদের অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করছেন।



