নীলফামারী প্রতিনিধি,নাঈম ইসলাম উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে নীলফামারী। কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করেই জেলা জুড়ে শুরু হয়েছে শীতকালীন জনপ্রিয় খেলা ব্যাডমিন্টনের উৎসব। সন্ধ্যা নামলেই জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জের অলিগলিতে জ্বলছে বৈদ্যুতিক আলো, আর বাতাসে ভাসছে শাটলককের শব্দ। সরেজমিনে নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা থেকে শুরু করে ফাঁকা জায়গা বা রাস্তার পাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যাডমিন্টন কোর্ট। কিশোর ও তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী চাকরিজীবী ও ব্যবসায়ীরাও মেতে উঠেছেন এই খেলায়। কেন এই আয়োজন? স্থানীয় খেলোয়াড়দের মতে, শীতের রাতে ব্যায়ামের মাধ্যমে শরীরকে সচল ও চনমনে রাখতেই এই আয়োজন। জেলা শহরের এক তরুণ খেলোয়াড় বলেন, "শীতকালে অলসতা কাজ করে, তাই আমরা বন্ধুরা মিলে প্রতি রাতে খেলার আয়োজন করি। এতে শরীরের ব্যায়াম হওয়ার পাশাপাশি পারস্পরিক মেলামেশার সুযোগ হয়।"খেলা শুরু হওয়ার পর থেকে স্থানীয় বাজারে ব্যাডমিন্টন সরঞ্জাম বিক্রির হিড়িক পড়েছে। শহরের স্পোর্টস দোকানগুলোতে বিভিন্ন দামের র‍্যাকেট ও কর্ক পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শীতকালীন এই শারীরিক পরিশ্রম হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন অভিভাবকরা।