নীলফামারী-২ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার তুহিন

নাঈম ইসলাম, জেলা প্রতিবেদক | নীলফামারী
নীলফামারী-২ (সদর) আসনে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে এই আসনের বৈধ প্রার্থী হিসেবে নিশ্চিত করা হয়।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জন্মস্থান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে। নিজ জন্মস্থানে প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও দলীয় কৌশলের অংশ হিসেবে তাকে নীলফামারী-২ (সদর) আসনে মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ্য যে, এই আসনে ইতিপূর্বে জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল্লাহ রুবেলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন পান ইঞ্জিনিয়ার তুহিন।
রিটার্নিং অফিস থেকে বৈধতা পাওয়ার পর নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার তুহিন সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে নিবিড় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।



